গজারিয়ায় বালু উত্তোলন নিয়ে দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীর পাড় থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে গতকাল রোববার স্থানীয় প্রভাবশালী দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হোসেন্দী ইউনিয়নের বালু ব্যবসায়ী ফকরুদ্দিন মিয়ার একটি ড্রেজার গত শুক্রবার রাতে সিকির গাঁও এলাকায় মেঘনা নদীর পাড় থেকে বালু উত্তোলন করতে যায়। এ সময় হোসেন্দী ইউনিয়ন যুবদলের নেতা জাহাঙ্গীর এবং তাঁর সহযোগী জলিল মিয়া ও চান মিয়া বালু উত্তোলনে বাধা দেন এবং ড্রেজারের চার শ্রমিককে মারধর করেন। পরদিন শনিবার ফকরুদ্দিনের লোকজন জাহাঙ্গীরের পক্ষের আরিফ মিয়াকে মারধর করে। এর জের ধরে গতকাল বিকেলে ফকরুদ্দিন ও জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় হোসেন্দী বাজারে উভয় পক্ষের তিনটি দোকানে হামলা, ভাঙচুর ও বাজারসংলগ্ন ফকরুদ্দিন মিয়ার বাড়িতে হামলা হয়।