গজারিয়ায় বালু তোলা নিয়ে গ্রামবাসী-খননযন্ত্রের শ্রমিক সংঘর্ষ, আহত ৬
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার গ্রামবাসী ও খননযন্ত্রের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ দিন ধরে মেঘনা নদীর নয়ানগর মৌজার বালুমহালের ইজারাবহির্ভূত স্থান থেকে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছিল। অবৈধভাবে বালু তোলার ফলে পাশের দৌলতপুর গ্রামের বাসিন্দাদের বসতভিটা ও ফসলি জমি ভাঙনেকর আশঙ্কা দেখা দেয়। এ ঘটনায় উত্তেজিত শতাধিক গ্রামবাসী গতকাল বালু তোলায় বাধা দিতে গেল উভয় পক্ষের মধ্যে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে চারজন গ্রামবাসী ও দুজন খননযন্ত্রের শ্রমিক আহত হন। গুরুতর আহত দৌলতপুর গ্রামের আয়নাল ব্যাপারির ছেলে মনছুর আলীকে (২৮) মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দৌলতপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ইমামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. হক ও ব্যবসায়ী ফিরোজ আহমেদ অভিযোগ করেন, খননযন্ত্রগুলো নদীর পাড় ঘেঁষে গ্রামের পাশ থেকে বালু তোলায় সেখানে ভাঙন শুরু হয়েছে। গৃহবধূ সালেহা বেগম বলেন, খননযন্ত্রের বিকট শব্দে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে না। তবে নয়ানগর মৌজার বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স এন ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আমিরুল ইসলাম বলেন, তাঁদের লোক ইজারাবহির্ভূত জায়গায় বালু তোলে না। গজারিয়া উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রামঘেঁষে বালু তোলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া জানান, সংঘর্ষের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।