গজারিয়ায় বাস ট্রাক সংঘর্ষে নিহত ১
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে চরবাউশিয়া এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী আবুল কালাম (৩০) মারা যান। আহত হন শিশুসহ বাসের ১৫ যাত্রী। তাঁদের মধ্যে ফজিলাতুন নেছা (৪০), নাদিরা বেগম (১১), ফারুক মিয়া (২৮), জামাল হোসেন (৩০) ও নুরুল আমিনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতাল ও বেসরকারি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গজারিয়ার ভবেরচর সড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, কালামের লাশ তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রয়েছে।