গজারিয়ায় বাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ডোবারচর গ্রামের ২০ বিঘা ফসলি জমি ও পাঁচটি পরিবারের বসতবাড়ি গতকাল শুক্রবার মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামবাসী জানান, স্থানীয় একটি চক্র খননযন্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করার কারণে এই ভাঙনের ঘটনা ঘটেছে।গ্রামের প্রায় ৬০টি পরিবারের ঘরবাড়ি যেকোনো সময় মেঘনায় বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসী।নদীভাঙনে ঘরহারা মো. মান্নান বেপারী (৬০), রিটন মিয়া (৩৫) ও ফজর আলী (৪৫) জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি খননযন্ত্র দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে। এ কারণে এই ভাঙন দেখা দিয়েছে।গতকাল ডোবারচর গ্রামে গিয়ে দেখা যায়, ঘরহারা পরিবারের লোকজন আহাজারি করছেন। তাঁরা খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। আর ভাঙনের আশঙ্কার মধ্যে থাকা ঘরের লোকজন আছেন আতঙ্কের মধ্যে। গ্রামবাসীর আশঙ্কা, গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে।গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন প্রথম আলোকে জানান, রিটন মিয়া বাদী হয়ে দুটি খননযন্ত্রের মালিক ও পাঁচ-সাতজন কর্মচারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।