গজারিয়ায় বিএনপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালিস বৈঠককে কেন্দ্র করে মুন্সিগঞ্জের গজারিয়ায় গত শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পর শনিবার স্থানীয় বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুই ব্যক্তির মধ্যে বাগিবতণ্ডার ঘটনা মীমাংসায় শুক্রবার সন্ধ্যায় একটি সালিস বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও গজারিয়া থানা যুবদলের সভাপতি আবদুল মান্নান দেওয়ানের লোকজনের সঙ্গে চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আওয়ামী লীগের কর্মী রফিকুল ইসলাম ও মিজানুর রহমানের লোকজনের সংঘর্ষ বেধে যায়। ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর আওয়ামী লীগের কর্মী রফিকুল ইসলামের মাছের খামার ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় চর বাউশিয়া গ্রামের রফিকুল ইসলাম গজারিয়া থানায় একটি মামলা করেন। মামলায় আবদুল মান্নানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।অন্যদিকে আওয়ামী লীগের কর্মী মিজানুর রহমান চর বাউশিয়ায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগে বাউশিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাসমত আলীকে প্রধান আসামি করে একই দিনে আরেকটি মামলা করেন।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সত্যতা পাওয়া গেছে। রফিকুল ইসলামের করা মামলায় মিরাজ মিয়া (২২) ও আ. বাছেত (৩৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাউশিয়া ইউপির চেয়ারম্যান যুবদলের নেতা মান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের দায় আমাদের ওপর চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।’