গজারিয়ায় বেপারিদের অজ্ঞান করে গরুভর্তি ট্রাক ডাকাতি
দিনাজপুর থেকে নোয়াখালীর চাটখিলের কোরবানির হাটে নিয়ে যাওয়ার পথে ১৬টি গরুভর্তি একটি ট্রাক ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকায় গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ট্রাকের সঙ্গে থাকা সাতজন গরুর বেপারিকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে রেখে যায়। গজারিয়া থানার পুলিশ তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁরা হলেন: মফিজুল ইসলাম (৪৩), মাহবুব মিয়া (৩৪), এরশাদ আলী (২৮), জাহিদুল (৪১), রুহুল আমিন (৪৩), আশরাফ আলী (৩৭) ও সফিকুল ইসলাম (৪৭)।ভুক্তভোগী গরুর বেপারি ও পুলিশের ভাষ্যমতে, ১৬টি গরু নিয়ে একটি ট্রাক দিনাজপুর থেকে ছেড়ে এসে নোয়াখালীর চাটখিলের উদ্দেশে যাচ্ছিল। পথে ট্রাকচালক ও তাঁর সহকারী কৌশলে ট্রাকে থাকা সাতজন গরুর বেপারিকে পানীয়দ্রব্যের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের দড়িবাউশিয়া এলাকায় ফেলে রেখে যায়। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীর সঙ্গে ১৪-১৫ জনের একটি ডাকাতদল ছিল।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মজিবুল হক মোল্লা বলেন, হাসপাতালে ভর্তি হওয়া সাত বেপারির মধ্যে একমাত্র মফিজুল ইসলাম ছাড়া বাকি ছয়জনের পুরোপুরি চেতনা ফেরেনি। তিনি বলেন, নেশাজাতীয় ওষুধ খাইয়ে তাঁদের অচেতন করা হয়ে থাকতে পারে।এ ঘটনায় গরুর বেপারি মফিজুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা করেছেন।