গজারিয়ায় ভূমি কার্যালয়ের আরও দুজনকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের আরও দুই কর্মচারীকে বদলি করা হয়েছে। গজারিয়া উপজেলা ও ভবেরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পেয়ে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন সার্ভেয়ার আবুবকর সিদ্দিক ও নূর আলমকে বদলির এই আদেশ দেয়। গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমতউল্লাহ বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে গত মঙ্গলবার উপজেলা কার্যালয়ের অফিস সহকারী ফরিদা আক্তার ও ভবেরচর ইউনিয়ন কার্যালয়ের সবাইকে (চারজন) অন্যত্র বদলি করা হয়। সোমবার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান গজারিয়ার ভবেরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে এক ঝটিকা পরিদর্শনে গিয়ে পুরান বাউশিয়া গ্রামের হারুন উর রশিদ ভূঁইয়ার কাছ থেকে ভূমি খারিজ বিষয়ে অতিরিক্ত অর্থ আদায় ও দাবির সত্যতা খুঁজে পান।