গজারিয়ায় ভূমি কার্যালয়ের পাঁচ কর্মীকে বদলি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও ভবেরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. ইসমত উল্লাহ গতকাল বুধবার বদলির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন: ভবেরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, উপসহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কর্মচারী মো. সফিকুল ইসলাম ও নূরে আলম ভুইয়া এবং উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী মোসা. ফরিদা আক্তার। গত সোমবার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান গজারিয়ার ভবেরচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে এক ঝটিকা পরিদর্শনে গিয়ে পুরানবাউশিয়া গ্রামের হারুন উর রশিদ ভুইয়ার কাছ থেকে ভূমি খারিজ বিষয়ে অতিরিক্ত অর্থ আদায় ও দাবির সত্যতা খুঁজে পেয়ে মঙ্গলবার উল্লিখিত পাঁচজনকে বদলির আদেশ দেন। এ বিষয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘বাড়তি অর্থ আদায়ের সত্যতা পেল জেলা প্রশাসন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।