গজারিয়ায় মেঘনার তীরে বালু উত্তোলন বন্ধের দাবি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ডোবারচর গ্রামসহ ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে। বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে গতকাল বুধবার গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন ডোবারচর গ্রামবাসী।ডোবারচর গ্রামের ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ গতকাল দুপুরে দুটি ট্রলারে করে ইউএনও কামরুন্নাহারের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। পরে তাঁরা বসতভিটা ও ফসলি জমি রক্ষার জন্য বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দেন।ইউএনও কামরুন্নাহার স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমত উল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছে।ডোবারচর গ্রামের বাসিন্দা ফজর আলী, আলিনূর মিয়া, আবদুর রহমান ও খোদেজা বেগম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ডোবারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীর পাড় ঘেঁষে অবৈধ উপায়ে বালু উত্তোলন করছে। এ কারণে গত ৪ জানুয়ারি ফজর আলী, রিটন মিয়া ও আবদুল মান্নানের বসতবাড়িসহ ২০ বিঘা ফসলি জমি মেঘনার গর্ভে বিলীন হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানায় একটি মামলাও করেছিলেন রিটন মিয়া।ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২১ জানুয়ারি তিন শ্রমিককে সাত দিনের কারাদণ্ডাদেশ দিলেও মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।গ্রামবাসীর অভিযোগ, বালু উত্তোলনে বাধা দিতে গেলে চক্রটি গ্রামের লোকজনকে মারধর করাসহ হামলা-মামলার হুমকি দেয়। শিগগিরই বালু উত্তোলন বন্ধ না করলে ডোবারচর গ্রামসহ শতাধিক একর জমি মেঘনায় বিলীন হয়ে যাবে।রিটন মিয়ার মামলা প্রসঙ্গে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন প্রথম আলোকে জানান, মামলাটির অভিযোগপত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।