গজারিয়ায় মেঘনার তীরে বালু তোলা নিয়ে সংঘষর্, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর তীরে চর বলাকি গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত সোমবার গ্রামবাসীর সঙ্গে বালুশ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে এবং আশপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।আহত বালুশ্রমিক দেলোয়ার হোসেন জানান, ভোর সাড়ে ছয়টার দিকে ৮-১০টি ড্রেজারে বালু উত্তোলনের সময় গ্রামবাসী হঠাৎ হামলা চালালে তাঁরা আহত হন। গ্রামবাসী জানান, গভীর রাতে বালু উত্তোলনকারীরা ড্রেজার দিয়ে জমিজমা কেটে নিচ্ছিলেন। এ সময় কয়েক শ গ্রামবাসী বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।গ্রামবাসীর পক্ষে ভাটিবলাকির আলম মিয়া জানান, নৌ চ্যানেলে বালু কাটার কথা থাকলেও বালু উত্তোলনকারীরা বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমি কেটে নিচ্ছেন সমানে। নদীর পাড় থেকে ৩০০ ফুট দূরে বালু কাটার কথা। কিন্তু একবারে তীরে এসে তাঁরা বালু কাটছেন। এর প্রতিবাদে ফুঁসে উঠেছে গ্রামবাসী।বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের পক্ষে জামাল হোসেন জানান, তিনি রিমা এন্টারপ্রাইজের মালিক, সড়ক পরিবহন শ্রমিক লীগের দাউদকান্দি রোডের সভাপতি রফিক হচ্ছেন জুলেখা এন্টারপ্রাইজের মালিক এবং তগদির এন্টারপ্রাইজের মালিক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা আওয়ামী লীগের সদস্য মেজবাউদ্দিন রতন। এই তিনটি প্রতিষ্ঠান নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের জন্য বৈধ ইজারাদার। কিন্তু গ্রামবাসীকে সঙ্গে নিয়ে একটি চক্র তাদের ওপর হামলা চালায়।জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ইসমানির চরের বাসিন্দা জামাল হোসেন জানান, গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বালু উত্তোলনকারী একটি চক্র আট-নয়টি ট্রলারে করে এসে এই হামলা চালায়। তিনটি প্রতিষ্ঠানের নামে তাঁরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছ থেকে ১১টি চরে বালু কাটার ইজারা নিয়েছেন।এ ব্যাপারে গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহম্মেদ বলেন, ‘বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসীর ঝগড়ার কারণটি হচ্ছে, ডুবোচর কেটে বালু তোলা হচ্ছে। চরটি কদিন পরেই জাগার কথা। সেখানে গ্রমাবাসী আবাদ করবে। এই জায়গা বালু কাটার জন্য কাউকে ইজারা দেওয়ার কথা নয়।’