গজারিয়ায় মেঘনায় বিলীন জমি-বসতঘর
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ডোবারচর গ্রামে পাঁচ বিঘা ফসলি জমি ও ১২টি বসতঘর গতকাল মঙ্গলবার মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মেঘনাপারের গ্রামটিতে গতকাল সকাল থেকে ভাঙন শুরু হয়। বেলা আড়াইটা নাগাদ গ্রামের সামেদ মিয়া, আলী নুর, নুরুল হক, মজিবুর রহমান, হোসেন আলীর বসতঘরসহ ১২টি ঘর এবং পাঁচ বিঘা ফসলি জমি মেঘনায় বিলীন হয়ে যায়। ভাঙন-আতঙ্কে অনেকে বাড়ির মালামাল সরিয়ে নেন। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর দাবি, রাতের আঁধারে মেঘনাপারের ডোবারচর গ্রাম ঘেঁষে খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করায় এই ভাঙন শুরু হয়েছে। বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের কেউ থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।