গজারিয়ায় যাত্রীবাহী বাস খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ২০ জন যাত্রী আহত হন। বাসটি ঢাকা থেকে কুমিল্লার হোমনায় যাচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, দুর্ঘটনার ঘণ্টা খানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। যাত্রীদের প্রাথমিক চিকিত্সা শেষে অন্য আরেকটি গাড়িতে তাঁদের গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ নিহত হননি। তিনি আরও জানান, বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক পালিয়ে গেছেন।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, খাদের পানির নিচে বাসের যাত্রী থাকতে পারে। তবে যাত্রী নিখোঁজ থাকার দাবি প্রত্যাখ্যান করেছে পুলিশ।