গজারিয়ায় শামসুদ্দিন ও মনসুর হত্যার বিচার দাবি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান ও তাঁর চাচা মনসুর আলী হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার উপজেলার তেতৈতলা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, বেলা একটা থেকে তেতৈতলা গ্রামের কয়েক শ নারী-পুরুষ শামসুদ্দিন প্রধান ও তাঁর চাচা মনসুর প্রধান হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়।
পরে তাঁরা মহাসড়ক অবরোধ না করে ফিরে আসেন। কর্মসূচি চলাকালে তাঁরা গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মোল্লার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মনসুর হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এ ব্যাপারে কথা বলার জন্য গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসানের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় ৪ অক্টোবর রাতে প্রভাব বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মনসুর প্রধান নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে মোহাম্মদ আলী প্রতিপক্ষের জাকারিয়াসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এর আগে গত ২৩ মার্চ শামসুদ্দিন প্রধান প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ওই ঘটনায় শামসুদ্দিন প্রধানের স্ত্রী মর্জিনা বেগম বোরহান শিকদার, জাকারিয়া, আমানউল্লাহ দেওয়ানসহ ২৬ জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা করেন।