গজারিয়ায় সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে আটজন গুলিবিদ্ধ হয়। তবে পুলিশ দাবি করেছে, তারা ফাঁকা গুলি ছুড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টায় উপজেলার হোসেনদী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে হরতালকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি রাবার বুলেট ছোড়ে। এতে কয়েকজনের গায়ে গুলি লাগে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজমল হোসেন দাবি করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে রাবার বুলেট ছুড়েছে। এতে হোসেনদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরে আলমসহ আটজন গুলিবিদ্ধ হন।
পরে হরতালকারীরা যেন জড়ো হতে না পারে, সে জন্য হোসেনদী বাজারে ফাঁকা গুলি ছোড়া হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, পুলিশ বাধ্য হয়ে ফাঁকা গুলি ছুড়েছে।
অন্যদিকে গজারিয়ার বাউশিয়া এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে উপজেলা যুবদলের সভাপতি মান্নান দেওয়ানের নেতৃত্বে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে। এ সময় মহাসড়কে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচজন আহত হন।