গজারিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মৌন মিছিল করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সহস্রাধিক মানুষ মৌন মিছিল শেষে সমাবেশ করে। পরে উপজেলা প্রশাসন ওই হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের আশ্বাস দিলে এলাকাবাসী সমাবেশস্থল ত্যাগ করে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর বাজারে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাসির উদ্দিন মিয়াজীকে আহত করে। এ ছাড়া এ সময় আওয়ামী লীগের কর্মী ও উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সদস্য সরল খাঁ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই মো. আজিম খানসহ সাতজনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করা হয়। কিন্তু হামলার দুই দিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।