গজারিয়ায় সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে গতকাল শনিবার এক সালিস বৈঠকে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মনির হোসেন ভূঁইয়া (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে এক সালিস বৈঠকে গ্রামের শহিদউল্লা ও জালাল মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন। সংঘর্ষে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, টেঁটা ও দা-কিরিচ ব্যবহার করেন। শহিদউল্লা পক্ষের গুরুতর আহত মনিরকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনিরের বাড়ি গোয়ালগাঁও গ্রামে। টেঁটাবিদ্ধ হানিফ ও শাহজালালকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।জানা গেছে, এলাকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে শহিদউল্লা ও জালাল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। জালাল মিয়ার নাতি বোরহান মিয়া গত বৃহস্পতিবার শহিদউল্লার ছেলে কলিমউল্লাকে মারধর করেন। এ নিয়ে ওই সালিস বৈঠক বসে। হোসেন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনাম্বর মিয়া বলেন, চেষ্টা করেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।