গজারিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে গতকাল সোমবার তাসলিমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের নাছিরউদ্দিনের (৪৫) সঙ্গে টেংগারচর গ্রামের তাসলিমা বেগমের (৩৫) বিয়ে হয়। তাঁদের সংসারে তিনটি মেয়ে রয়েছে। পুলিশ ও গৃহবধূর বাবার বাড়ির লোকজনের তথ্য অনুযায়ী, নাছিরউদ্দিন ব্যবসা করার জন্য এক লাখ টাকা এনে দিতে ১০ দিন আগে তিন মেয়েসহ তাসলিমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। গত শুক্রবার বিকেলে নাছিরের বাড়িতে সালিসে সমঝোতার পর তাসলিমাকে স্বামীর বাড়িতে রেখে আসা হয়। কিন্তু গত রোববার নাছির আবারো তাসলিমাকে পিটিয়ে আহত করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। গতকাল বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাসলিমার মৃত্যু হয়।এ ঘটনায় তাসলিমার ভাই ওয়াসকরুণী বাদী হয়ে গতকাল গজারিয়া থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. মান্নান ফকির বলেন, অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গৃহবধূর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।