মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল শুক্রবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। অন্যদিকে গাজীপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:গজারিয়া (মুন্সিগঞ্জ): প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত যাত্রীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় গতকাল দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কুমিল্লার হোমনাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও ৫০ জন আহত হয়।পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ফরিদগঞ্জের মাজেদা বেগম (৩৫)।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ সরকার বলেন, ঘটনাস্থলে নিহত চারজনের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।গাজীপুর: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল সকালে মো. হাবিবুর রহমান (৩২) নামের এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।হাবিবুরের বাড়ি রংপুরের কোতোয়ালি থানার বাড়বাড়ি সরকারপাড়া এলাকায়।কোনাবাড়ী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ জানায়, গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর নামক স্থানে বাসের ধাক্কায় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁরা হলেন, নওগাঁ সদরের কেশবপুর গ্রামের মাসুদ রানা (২৫) ও ইমন মিয়া (২৬)। তাঁরা ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন।পুলিশ জানায়, লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।