গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বাউল দলের ৩ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর ওপর গতকাল শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় বাউল দলের তিন সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে দুজন ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজন মারা যান।হতাহত ব্যক্তিদের সবাই প্রাইভেট কারের যাত্রী। চালক ছাড়া অন্যরা বাউল দলের সদস্য।গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. জয়নাল আবদীন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় নিহত ঝুনু সরকার (২৫), ইধন মিয়া (৩০) ও শরীফ হোসেনের (২৫) লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনায় আহত মো. নাসিম (২৫), মো. লোকমান (৩০), কাজমি সরকার (২৭) ও রাসেল মিয়াকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সূত্র জানায়, ইধন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এবং ঝুনু ও শরীফের বাড়ি নরসিংদীতে।পুলিশ জানায়, বাউল দলের সদস্যরা গত বৃহস্পতিবার রাতে গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামে গানের অনুষ্ঠানে শেষে ভোরে প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মেঘনা সেতুর উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাতটার দিকে রেকার এনে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।