মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে সরকারদলীয় দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী রফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ১২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল শুক্রবার নিহত রফিকুলের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিনকে।এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে গজারিয়া থানার পুলিশ চরবলাকি গ্রাম থেকে ১২ জনকে আটক করেছে। তাঁরা হলেন: আসাদুজ্জামান, জয়নাল, সুমন, নাজমুল, আফসার, জুয়েল, নাসির, শফিউদ্দিন, জামাল, শাহপরাণ, শাহ আলী ও হালিম। এ ছাড়া পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে টেঁটা, বল্লম, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে সংঘর্ষে ব্যবহূত আগ্নেয়াস্ত্রগুলোর একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ।ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে রফিকুল ইসলামের মরদেহ দাফন করা হয়েছে।এলাকাবাসী জানায়, সংঘর্ষের পর মামলার আসামিরা ও তাঁদের পরিবারের লোকজন আত্মগোপন করেছেন। গজারিয়া থানার ওসি মো. আরজু মিয়া প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কর্মী নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বাড়ি বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে গজারিয়ার চরবলাকিতে আওয়ামী লীগের নেতা আবদুল মতিন ও গজারিয়া উপজেলা যুবলীগের নেতা আরিফুর রহমানের পক্ষের লোকজনের মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আওয়ামী লীগের কর্মী রফিকুল ইসলাম। এ ছাড়া আহত হন অন্তত ৩৫ জন।