গঞ্জেরাজ বাসমালিক ও চালকের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় জামিনের পর গঞ্জেরাজ বাসের মালিককে আদালত থেকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি তুলতে গেলে বাধা দেন পুলিশ সদস্য। ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়ায় জামিনের পর গঞ্জেরাজ বাসের মালিককে আদালত থেকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি তুলতে গেলে বাধা দেন পুলিশ সদস্য। ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়া চৌড়হাস মোড় এলাকায় মা রিনা খাতুনসহ শিশু আকিফাকে ধাক্কা দেওয়া ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক জয়নাল আবেদীন ও চালক মহিদ মিয়া ওরফে খোকনের জামিন বাতিল করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী আদালতে ৩০২ ধারায় সংযোজন করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

আদালত পুলিশের উপপরিদর্শক আজাহার আলী গঞ্জেরাজ বাসের মালিক জয়নাল আবেদীন ও চালক মহিদ মিয়া ওরফে খোকনের জামিন বাতিলের আবেদন করেন একই আদালতে। শুনানি শেষে আদালত জয়নাল আবেদীন ও মহিদ মিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ফয়সাল গঞ্জেরাজ নামের বাসটি গত ২৮ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় ওই শিশুসহ তার মাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আকিফা গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় বাসের মালিক, চালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হলেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী।

এর আগে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় বাসটি জব্দ করে পুলিশ। সে সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশের একজন চালককে দিয়ে বাসটি কুষ্টিয়া পুলিশ লাইন মাঠে রাখা হয়। জব্দ করা বাসের নাম ও নম্বর মুছে ডিপোর ভেতরে রাখা হয়েছিল।