গঠনতন্ত্র না মেনে নির্বাচন আয়োজনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে গঠনতন্ত্র লঙ্ঘন করে নির্বাচন কমিশন গঠন করার অভিযোগ তুলেছে সম্মিলিত পরিষদ। নির্বাচন কমিশনকে অবৈধ উল্লেখ করে নতুন কমিশন গঠন এবং নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন পরিষদের নেতারা। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন না করারও ঘোষণা দিয়েছেন তাঁরা।
গতকাল রোববার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ ঘোষণা দেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সম্মিলিত পরিষদের আহ্বায়ক মো. সায়েদুজ্জামান খান। আগামী ৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
সাইদুজ্জামান খান অভিযোগ করেন, ‘২০১০ সালের নির্বাচনে মধ্যরাতে ভোট কারচুপি করে সম্মিলিত পরিষদের প্রার্থীদের পরাজিত করে নির্বাচন কমিশন। এরপর থেকে এই নির্বাচন কমিশন বাদ দিয়ে সংগঠনের নিরপেক্ষ সদস্যদের দিয়ে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছি আমরা। কিন্তু সংগঠনের বর্তমান কমিটি বারবার ক্ষমতায় থাকার জন্য তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে জয়লাভের পাঁয়তারা করছে।’
বর্তমান নির্বাচন কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গঠনতন্ত্র অনুযায়ী বার্ষিক সভা অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠন করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এ সময়ের মধ্যে করতে না পারলে পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। গত বছরের ১৫ মে সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠনের পর গত ১১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের মেয়াদ পেরিয়ে যায়। ফলে সাধারণ সভা করে এখন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
সাইদুজ্জামান খান অভিযোগ করেন, গঠনতন্ত্র সংশোধন করে গত ১৬ সেপ্টেম্বর রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন থেকে অনুমোদন নেওয়া হয়। অনুমোদনের আগেই নির্বাচন কমিশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই নির্বাচন কমিশনের বৈধতা নেই। গঠনতন্ত্র সংশোধনের জন্য সাধারণ সভা আহ্বান করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনের বর্তমান সভাপতি এ কে এম আকতার হোসেন প্রথম আলোকে বলেন, সাধারণ সদস্যদের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বারবার অভিযোগের পরও কেন নির্বাচন কমিশনের সদস্যদের বহাল রাখা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সদস্যদের প্রস্তাবের কারণেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।