আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে জগন্নাথপুর পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকমল হোসেন এ অভিযোগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর আওয়ামী লীগের জগন্নাথপুর কার্যালয়ে দলের এক সভা হয়। ওই সভায় আবাব মিয়া বলেন, আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে (আবাব) সদস্যসচিব করে পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করেছে।
আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম জানান, দলীয় গঠনতন্ত্রের ২৯ ধারা অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর পৌরসভা কমিটি উপজেলা কমিটি অনুমোদন করবে। গঠনতন্ত্র লঙ্ঘন করে জেলা কমিটি এ ধরনের কোনো কমিটি করতে পারে না। বিষয়টি স্থানীয় সাংসদ এম এ মান্নানকে কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থাপন করতে বলেছি।
কমিটি গঠন ও গঠনতন্ত্র লঙ্ঘন করার বিষয়ে আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি সাংসদ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাকে প্রথম শ্রেণীর পৌরসভার কথা বলে স্বাক্ষর নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আমি জেলা কমিটির সভায় পাঠাতে বলেছি। জেলা কমিটির সভায় তা যাচাই-বাছাই করে পদক্ষেপ নেব।’
সাংসদ এম এ মান্নান প্রথম আলোকে বলেন, ‘জেলা আওয়ামী লীগ দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে এ ধরনের কমিটি গঠন করে দলের মধ্যে নতুন সমস্যার সৃষ্টি করেছে। তাদের অগঠনতান্ত্রিক আচরণে আমি হতাশ।’