গঠনতন্ত্র সংশোধন নিয়ে ইসির সঙ্গে আলোচনা করবে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের গঠনতন্ত্র সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করবে জামায়াতে ইসলামী। তবে এ কথা ইসিকে জানানোর দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। দলটি মনে করছে, তাদের গঠনতন্ত্রে থাকা ধারা-উপধারার সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের কোনো বিরোধ নেই।জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ কামারুজ্জামান বলেন, তাঁরা মনে করছেন, নির্বাচন কমিশন তাঁদের গঠনতন্ত্রের ধারাগুলো ব্যাখ্যা করতে গিয়ে কোথাও একটা ভুল করেছে। আলাপ-আলোচনার মাধ্যমে এই ভুল-বোঝাবুঝি দূর করা যাবে বলে তাঁরা আস্থাশীল। কবে নাগাদ কমিশনের সঙ্গে আলোচনা হবে—জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন তাঁদের এ বিষয়ে কোনো সময় বেঁধে দেয়নি। তবে তাঁরা যথাসময়েই কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন।গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ২০ অক্টোবর নির্বাচন কমিশনে খসড়া গঠনতন্ত্র জমা দিয়েছিল জামায়াত। নির্বাচনের পর ২০০৯ সালের জুলাই মাসে নির্বাচন কমিশনে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেয় দলটি। এরপর কমিশনের গঠনতন্ত্র পর্যালোচনা কমিটি ওই গঠনতন্ত্র যাচাই-বাছাই করে পাঁচটি ধারার বিষয়ে আপত্তি জানিয়ে ২৫ জানুয়ারি জামায়াতকে চিঠি দেয়। ওই চিঠি পাওয়ার পর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে চেয়ারম্যান করে একটি উপকমিটি গঠন করে জামায়াত। দলীয় সূত্র জানায়, ১৫ মার্চ উপকমিটির এক বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে দলের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত হয়। মুহাম্মদ কামারুজ্জামান বলেন, কমিউনিস্ট পার্টি যদি গঠনতন্ত্রে মার্ক্সবাদ প্রতিষ্ঠার কথা বলতে পারে, তাহলে তাঁরা কেন আল্লাহ্র কথা বলতে পারবেন না। তাঁরা নির্বাচন কমিশনকে এ বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের কথা শুনে কমিশন বুঝবে।