গঠনতন্ত্র সংশোধনে চিঠি দেওয়া হচ্ছে জামায়াতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের বিবেচনায় জামায়াতের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, যা রাজনৈতিক দলের নিবন্ধন শর্তের পরিপন্থী।নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘জামায়াতকে চিঠি পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। ঈদের ছুটির পরপরই তাদের চিঠি পাঠানো হবে।’কমিশন সচিবালয় সূত্র জানায়, গত আগস্টে এর আইন শাখা জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র পর্যালোচনা করে ‘সংবিধান পরিপন্থী’ ধারাগুলো চিহ্নিত করে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইন শাখা কমিশনের বৈঠকে নথি উত্থাপন করে। এতে বলা হয়, এ পর্যন্ত কয়েক দফায় জামায়াতকে ডেকে এনে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে। প্রতিবারই তারা গঠনতন্ত্র থেকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে তাদের মুদ্রিত গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা গেছে, আপত্তিকর ধারাগুলো বহাল আছে।গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-সি ধারায় রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রের উদ্দেশ্যগুলো সংবিধান পরিপন্থী হতে পারবে না। গঠনতন্ত্রে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা ও লিঙ্গভেদে কোনো বৈষম্য থাকতে পারবে না। ইসি সূত্র বলেছে, জামায়াতের বর্তমান গঠনতন্ত্রের ভূমিকার শেষ অনুচ্ছেদ এবং ২(৫) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।২০০৮ সালে নিবন্ধিত হওয়ার আগে জামায়াত যে ‘ছায়া গঠনতন্ত্র’ জমা দিয়েছিল, তা থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ ও সংবিধানের পরিপন্থী ধারাগুলো বাদ দেওয়া হয়েছিল। বিদেশি সংগঠনের সঙ্গে সম্পর্কহীনতা দেখাতে দলের নামও পরিবর্তন করে ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ থেকে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করা হয়। এ ছাড়া গঠনতন্ত্রের ভূমিকায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রশস্তি গেয়ে একটি অনুচ্ছেদ সংযোজন করে দলটি।