গঠনতন্ত্রে কোনো বড় সংশোধনী গৃহীত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেসে গঠনতন্ত্রে কোনো বড় সংশোধনী গৃহীত হয়নি বলে জানিয়েছে দলটি।

গতকাল সোমবার সকালে কংগ্রেসের চতুর্থ দিনে গঠনতন্ত্র সংশোধনবিষয়ক আলোচনা শেষ হয়। বিকেলে মহানগর নাট্য মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। তিনি বলেন, গঠনতন্ত্রে কিছু ছোট সংশোধনী গৃহীত হয়েছে। দলের ইংরেজি নাম গঠনতন্ত্রে সন্নিবেশিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পার্টির প্রেসিডিয়াম হওয়ার ক্ষেত্রে সার্বক্ষণিক হওয়ার যে বাধ্যবাধকতা তা শিথিল করার প্রস্তাব কংগ্রেস গ্রহণ করেনি। গতকাল কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনে ক্রেডিন্সিয়াল কমিটি, অডিট কমিটি, কন্ট্রোল কমিশন রিপোর্ট উত্থাপন ও অনুমোদন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাঙচুরের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গতকাল সকালে দিনের কার্যক্রম শুরু হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন দিবালোক সিংহ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান ও মো. শাহ আলম।