গঠনমূলক উপাদান আছে ভাষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকবর আলি খান
আকবর আলি খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন, তা প্রাক্-নির্বাচনী ভাষণ। এতে বেশ কিছু গঠনমূলক উপাদান আছে, যা নিয়ে আলোচনা হতে পারে। আর এই আলোচনার পথ ধরেই বিদ্যমান সংকট থেকে উত্তরণের উপায় বেরিয়ে আসতে পারে।
প্রধানমন্ত্রী যেসব প্রস্তাব দিয়েছেন, তা অনেকাংশেই সুনির্দিষ্ট। তিনি বলেছেন, নির্বাচন ২৪ অক্টোবর থেকে ২৫ জানুয়ারির মধ্যে হবে। অন্তর্বর্তী সরকার হতে পারে সর্বদলীয়। আর এর সার্বিক বিষয়ে তিনি বিরোধী দলের সঙ্গে আলোচনারও প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিরোধী দল কী চায়, তা তারা কখনো স্পষ্ট করেনি। এখন প্রধানমন্ত্রী আলোচনার পথ প্রশস্ত করে দিয়েছেন। তাই বিরোধী দলের উচিত হবে আলোচনায় বসা এবং সংসদে যাওয়া। কোথায়, কীভাবে, কোন কোন বিষয়ে একমত হওয়া যায়, তা নিয়ে আলোচনা হতে পারে। তাই এই পর্যায়ে বিরোধী দলের উচিত প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে আলোচনায় বসা। কারণ, মানুষ বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বিগ্ন, তারা এ সংকট থেকে নিস্তার চায়। নির্বাচনে কীভাবে সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে, সংসদ বহাল থাকবে কি থাকবে না, তা আলোচনার টেবিলে ঠিক করা সম্ভব।
এখন যে সমস্যা তা রাজনৈতিক। ২৪ অক্টোবর পেরিয়ে গেলে রাজনৈতিক সমস্যার সঙ্গে সাংবিধানিক সংকট যুক্ত হবে। যতই দিন যাবে, ততই সংকট আরও তীব্র হবে। সুতরাং, যা কিছু করার, তা দ্রুত করতে হবে।
প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের কথা বলেছেন। কিন্তু সরকারপ্রধান কে হবেন, সে বিষয়ে কিছুই বলেননি। আবার তিনিই যে সরকারপ্রধান হিসেবে থেকে যেতে চান, সেটাও তিনি বলেননি। সুতরাং, অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, সে বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে।
আকবর আলি খান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা