চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) গঠনের আড়াই বছর পার হলেও নির্বাচন হচ্ছে না। প্রশাসক ও অনির্বাচিত ইউপি সদস্যদের দিয়ে চলছে ইউপির কার্যক্রম। এতে ইউনিয়নের বাসিন্দারা নাগরিকত্ব, জন্মনিবন্ধন সনদ সংগ্রহসহ নানা কাজে ইউপি কার্যালয়ে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৩ সালের ২৭ মার্চ ওই ইউপি গঠিত হয়। পাশের রাজারগাঁও থেকে চারটি, কালচোঁ উত্তর থেকে ছয়টি ও বাকিলা ইউপি থেকে দুটি গ্রাম নিয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। ওই সময় রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আবদুল হাদী মিয়া ও কালচোঁ উত্তরের চেয়ারম্যান দিলদার হোসেন তাঁদের ইউনিয়নের কেটে নেওয়া গ্রামগুলো তাঁদের ইউনিয়নেই রাখার জন্য উচ্চ আদালতে দুটি রিট আবেদন করেন। ২০১৪ সালের শেষ দিকে আবেদন দুটি খারিজ হয়ে যায়। এরপরও ইউপি নির্বাচন হয়নি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০১৪ সালের ৭ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নির্বাচন না হওয়া পর্যন্ত ইউপির কার্যক্রম পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি অস্থায়ী কমিটি অনুমোদন দেয়। এতে একজন প্রশাসক, সংরক্ষিত সদস্যসহ ১২ জন সদস্য রয়েছেন। বর্তমানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশ্রাফী প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
ইউপি কার্যালয় সূত্র জানায়, বর্তমানে ইউপিতে দায়িত্বরত সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ডে আবদুর রহমান, ২ নম্বরে জিসান উদ্দিন, ৩ নম্বরে মামুনুর রশিদ ছিদ্দিক, ৪ নম্বরে মোস্তাফিজুর রহমান, ৫ নম্বরে শাহ আলম, ৬ নম্বরে দেলোয়ার চৌধুরী, ৭ নম্বরে বশির উল্যা বকাউল, ৮ নম্বরে সিরাজুল ইসলাম বকাউল, ৯ নম্বরে পলাশ প্রধানীয়া; সংরক্ষিত ১ নম্বরে (১, ২, ৩) রৌশন আরা বেগম, ২ নম্বরে (৪, ৫, ৬) সেলিনা বেগম ও ৩ নম্বরে ওয়ার্ডে (৭, ৮, ৯) মরিয়ম বেগম।
৩ নম্বর ওয়ার্ডে সদস্যের দায়িত্ব পালনকারী মামুনুর রশিদ ছিদ্দিক বলেন, ইউনিয়ন প্রতিষ্ঠার পর তিনি এলাকাবাসীর সমর্থন নিয়ে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে তাঁদের নামে গেজেট হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘২০১৫ সালের অক্টোবরে দ্বাদশ গ্রাম ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে তথ্য পাঠানো হয়। গত ইউপি নির্বাচনের সময়ও আবার তথ্য পাঠানো হয়। কী কারণে নির্বাচন হচ্ছে না, বুঝতে পারছি না।’
এ বিষয়ে ইউপির প্রশাসক শাহ আলী রেজা আশ্রাফী বলেন, ‘আগের তিনটি ইউপির নির্বাচিত ছয়জন ও নতুন ছয়জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠিয়েছি।’
ইউপি সচিব নুরুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকারী সদস্যরা ইউনিয়নের সব কার্যক্রম পরিচালনা করেন। তবে নির্বাচিত চেয়ারম্যান না থাকায় জনগণকে জন্মনিবন্ধন, জাতীয়তা, নাগরিকত্ব, জন্ম, মৃত্যুসনদসহ বিভিন্ন সনদ পাওয়ার ক্ষেত্রে হয়রানির স্বীকার হতে হয়।
এ বিষয়ে দ্বাদশ গ্রাম ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস হোসেন বলেন, ‘প্রশাসকের দায়িত্বে থাকা কর্মকর্তা সপ্তাহে একবার বা কোনো সপ্তাহে একবারও কার্যালয়ে আসেন না। ওনার অনুপস্থিতির কারণে আমি জাতীয়তার সনদ এক সপ্তাহ ঘুরে পেয়েছি।’
ছেলের জন্মসনদ নিতে গত সপ্তাহে ঢাকা থেকে এসেছেন কাপাইকাপ গ্রামের ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘সচিবের কাছে আবেদন করার পর সারা দিন ঘুরে রাতে প্রশাসকের কার্যালয়ে গিয়ে ওনার স্বাক্ষর নিয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বলেন, ‘আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। খোঁজ নিয়ে দেখতে হবে।’