দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে সিলেটের বিয়ানীবাজার পৌরসভাবাসীর। ১৫ বছর আগে প্রতিষ্ঠা পেলেও আইনি জটিলতায় এখানে আজও ভোট হয়নি। তবে সম্প্রতি আদালতের এক নির্দেশে সেই পথ প্রশস্ত হয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালে বিয়ানীবাজার সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। এরপর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন বিয়ানীবাজার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান তফজ্জুল হোসেন। তফজ্জুলের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ইউএনওকে সরিয়ে তাঁকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন।
পৌরসভা ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফজ্জুল দায়িত্ব পাওয়ার পর কয়েকজন ভোটার পৌরসভার সীমানাসংক্রান্ত বিষয়ে চারটি মামলা করেন। মামলাগুলো এখনো চলমান। কিন্তু প্রশাসক তফজ্জুলের করা রিটের ওপর ৭ নভেম্বর দেওয়া এক রায়ে উচ্চ আদালত এ পৌরসভায় ভোট গ্রহণের উদ্যোগ নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।
এতে পৌরসভায় নির্বাচন আয়োজনে আর কোনো বাধা থাকল না বলে মনে করেন পৌর নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের সদস্য মো. নজরুল হোসেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা মেনে কমিশনকে এখন নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে হবে।
পৌরসভার বাসিন্দা মাছুম আহমেদ, ফজলুল হকসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভার উন্নয়ন কার্যক্রম সঠিক পথে নেই। সেবা নিতে গিয়ে পৌরবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থায় তাঁরা নির্বাচিত প্রতিনিধিদের সেবা নিতে মুখিয়ে রয়েছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে বিয়ানীবাজারের বর্তমান ইউএনও মু. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পৌরসভায় নির্বাচন গ্রহণের ব্যাপারে অতি সম্প্রতি আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একটি নির্দেশনা দিয়েছেন বলে খবর পেয়েছি। যদিও নির্দেশনাটি এখনো স্থানীয় পর্যায়ে আমাদের কাছে পৌঁছায়নি।’
এদিকে উচ্চ আদালতের এমন নির্দেশনার পর তফসিল ঘোষণার সম্ভাব্য দিনক্ষণ ঠিক না হলেও এরই মধ্যে প্রচার-প্রচারণাও শুরু করে দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। মেয়র ও কাউন্সিলর পদে শতাধিক সম্ভাব্য প্রার্থী অনুগত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার-পোস্টার-ফেস্টুনও সাঁটিয়েছেন।
সম্ভাব্য দুজন মেয়র প্রার্থী এবং চারজন কাউন্সিলর প্রার্থী বলেছেন, বিয়ানীবাজার পৌরসভা ১৫ বছর আগে প্রতিষ্ঠা হলেও এ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বাসিন্দারা। তাই উচ্চ আদালতের নির্দেশনার পর পৌরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ কারণেই তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন।
সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে এখনো এ-সংক্রান্ত কোনো নির্দেশনা পৌঁছায়নি। কাগজপত্র পৌঁছালে এটি নির্বাচন কমিশনকে লিখিতভাবে আমরা জানাব এবং নির্বাচন আয়োজনের উদ্যোগ নেব। আইনি জটিলতার বিষয়টি নিরসন হয়েছে ভেবেই হয়তো সম্ভাব্য প্রার্থীরা আগাম গণসংযোগে নেমে পড়েছেন।’