গডফাদারকে রক্ষার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকার সেনা মোতায়েন করেনি বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সরকারদলীয় গডফাদার শামীম ওসমানকে রক্ষার জন্য নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন করছে না। তিনি বলেন, ‘এই গডফাদাররা আন্দোলন বন্ধ করতে পারবে না। এখনো সময় আছে সেনাবাহিনী মোতায়েন করুন। এটা নারায়ণগঞ্জের জনগণের দাবি। মিডিয়া ক্যুর মাধ্যমে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে না।’সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি মনে করে আজকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হবে না। তার পরও দলটির সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। কারণ বিএনপি মনে করে, এই নির্বাচনের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশনের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত হবে। আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সরকার সেনাবাহিনী মোতায়েন না করে সংবিধান লঙ্ঘন করেছে। তার পরও নির্বাচন কমিশন কীভাবে এই নির্বাচন করছে?সেনাবাহিনী মোতায়েন না করলে বিএনপির প্রার্থীরা নির্বাচন করবেন কি না—এ প্রশ্নের জবাবে নোমান বলেন, ‘নির্বাচন থেকে বাইরে এসে প্রতিবাদ করব না। নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও নির্বাচন করে প্রমাণ করব, তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, নাজিম উদ্দিন আলম প্রমুখ।