গডফাদাররা সাত খুনের ঘটনায় জড়িত: আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনসহ বিভিন্ন হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক, এখানকার গডফাদাররা জড়িত। সাত খুনের ঘটনায় র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের গাফিলতিও ছিল।
গতকাল সোমবার সচিবালয়ে প্রশাসনিক তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে এসে এসব কথা বলেন আইভী। পরে সাংবাদিকদের কাছে বক্তব্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত মেয়র আইভীর বক্তব্য শোনেন হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা।
গডফাদার কারা, সাংবাদিকেরা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জের গডফাদার কারা, সেটা শুধু নারায়ণগঞ্জবাসী নয়, সারা বাংলাদেশ জানে। সাত খুনের ঘটনার নেপথ্যে কারা, তা জানার জন্য ভারতে আটক এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনা উচিত বলে মনে করেন তিনি।
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, কমিটি মেয়র আইভীর কাছে জানতে চায়, সাত খুনের ঘটনা তিনি কখন জানলেন এবং কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না। জবাবে তিনি বলেন, ওই সময় তিনি একটি সভায় ছিলেন এবং তাঁর মুঠোফোন ‘সাইলেন্ট’ ছিল। সভা শেষে তিনি তাঁর মুঠোফোনে অসংখ্য মিস্ড কল দেখতে পান। বেলা সাড়ে তিনটার দিকে অপহরণের ঘটনা জানার পরপরই তিনি তখনকার পুলিশ সুপারকে (নুরুল ইসলাম) ফোন করেন।
তদন্ত কমিটি জানতে চায়, নিহত কমিশনার নজরুল ইসলাম ও প্রধান আসামি নূর হোসেনকে কবে থেকে চেনেন, কোনো বিরোধের কথা জানতেন কি না। জবাবে আইভী বলেন, নির্বাচিত হওয়ার আগে তাঁদের চিনতেন না। তবে সিটি করপোরেশনের বিভিন্ন সভায় তাঁদের মধ্যে প্রকাশ্যে কথা–কাটাকাটি হতে দেখেছেন।
এ ঘটনায় কারা জড়িত, এটা টাকার বিনিময়ে হয়েছে কি না, কমিটির এমন প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, কারা জড়িত তা পত্রপত্রিকাতেই প্রকাশ পেয়েছে। টাকার বিনিময়ে হত্যাকাণ্ড হয়েছে, তা পত্রপত্রিকায় এসেছে।
বক্তব্য দেওয়ার পর সাংবাদিকেরা জানতে চান, নারায়ণগঞ্জের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে কি না। জবাবে আইভী বলেন, এখনো নারায়ণগঞ্জের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখনো নারায়ণগঞ্জে কি স্বস্তি এসেছে? ত্বকী হত্যার অভিযোগপত্র দেওয়া হয়েছে? চঞ্চল হত্যা, ছাত্রলীগ নেতা মিঠুকে হত্যা কারা করেছে? তাহলে কীভাবে বলব নিরাপদ?’
আইভী নিজে নিরাপত্তাহীনতায় ভোগেন কি না, তা জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, ‘যখন একটা শহরের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন, সেখানে আমার কথা আলাদা করে বলার কিছু নেই। তবে আমি ভীত নই। মানুষ মরে একবার। মৃত্যুকে আমি ভয় পাই না। যখন মৃত্যু আসবে, তখন মরে যাব।’
এ সরকারের আমলে সাত খুনের বিচার হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্থানীয় আওয়ামী লীগের সদস্য সেলিনা হায়াৎ আইভী বলেন, এই সরকারের আমলেই তিন কর্মকর্তা (র্যাব কর্মকর্তা) গ্রেপ্তার হয়েছেন। এই সরকারের আমলেই তদন্ত এগিয়ে যাচ্ছে। সরকার চাইলে অন্যরাও গ্রেপ্তার হবে।
এ হত্যাকাণ্ডে তাঁর ঘনিষ্ঠ কেউ জড়িত বলে সরকারি দলের সাংসদ শামীম ওসমানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আইভী বলেন, ‘আমার ঘনিষ্ঠ কেউ, এমনকি আমি জড়িত থাকলেও ধরা হোক। এমনকি আমার সন্তান হলেও ধরেন। বাঁচাতে আসব না।’
পরে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি হচ্ছে। নারায়ণগঞ্জে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এ জন্য কী করা উচিত, এ ব্যাপারে তাঁর মতামত নেওয়া হয়েছে।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের বক্তব্য নেওয়া হবে।
এর আগে গত ১৭ জুলাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের বক্তব্য নেওয়া হয়। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন শ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এ ঘটনায় র্যাব-১১–এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়। তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা কারাগারে রয়েছেন। প্রধান আসামি নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন।