গড়াই নদে আবারও ডুবে মরলেন কলেজছাত্র

কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে ডুবে মারা গেলেন সজীব হোসেন (১৯) নামের এক কলেজছাত্র। তিনি কুষ্টিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের টেক্সটাইল বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শহরের রেনউইক যজ্ঞেশ্বর বাঁধসংলগ্ন গড়াই নদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান সজীব। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে চারটায় তাঁর লাশ পাওয়া যায়।
একই স্থানে ২০১২ সালের ২৭ জুলাই কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ফরিদুল হাসান (২০) ও রিফাত মজুমদার (২০) গোসল করতে নেমে ডুবে মারা যান। ওই ঘটনার পর ওই স্থানটিকে বিপৎজনক হিসাবে চিহ্নিত করে সাইন বোর্ড লাগানো হয়েছিল। তবে ওই বোর্ডটি কবে হারিয়ে গেছে, কেউ জানে না।
সজীবের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক ৪০ জন বন্ধু মিলে গড়াই নদের পাশে রেনইউক বাঁধে বালুচরে ফুটবল খেলতে যান। একই সঙ্গে সেখানে তাঁরা পিকনিকেরও আয়োজন করেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে বন্ধু সজীব হোসেন নানাবাড়ি খুলনা থেকে কুষ্টিয়ায় চলে আসেন। দুপুরে ফুটবল খেলা শেষে সজীবসহ বেশ কয়েকজন বন্ধু গড়াই নদে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে ওয়ামিন, তরুণ, হৃদয় ও সজীব নদীর পানির স্রোত ও পাকে পড়ে গভীরে চলে যান।
অনিক আল হাসান নামে এক ছাত্র বলেন, তরুণ, হৃদয় ও ওয়ামিনকে তীরে তোলা গেলেও সজীব তলিয়ে যান। স্থানীয় লোকজন জাল ফেলে ও বিভিন্ন পন্থা অবলম্বন করে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে সজীবকে পাওয়া যায়।
খবর পেয়ে সজীবের একমাত্র বোন সুমি খাতুন ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, সজীব সাঁতার জানত না।
সুমি আরও জানান, বাবা আবদুল লতিফ সুদানে থাকেন। তারা দুই ভাই এক বোন। সজীব ভাইদের মধ্যে বড় ছিল। তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে সজীবকে উদ্ধার করে। পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক হাসান সরোয়ার বলেন, সজীবকে এখানে মৃত অবস্থায় আনা হয়েছে।