গণ-অনশন করেছেন হকাররা

যখন-তখন উচ্ছেদ বন্ধ, ভ্রাম্যমাণ আদালত দিয়ে মামলা-হামলা ও জেল-জরিমানা বন্ধ করে হকারদের জন্য একটি নীতিমালা প্রণয়নের দাবিতে গণ–অনশন পালন করেছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ। হকাররা রোজায় সারা দিন নিরাপদে হকারি করতে চান।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ গণ–অনশন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ এ গণ–অনশন কর্মসূচি পালন করে।
গণ–অনশন থেকে ঘোষণা দেওয়া হয়, এসব দাবিতে ২৫ মে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করবে এবং সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবে।
গণ–অনশন থেকে বলা হয়, তাদের দাবি, সরকারের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন না করা পর্যন্ত হকারদের উচ্ছেদ করা যাবে না, হকারদের বসবার স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হলে তারা যেখানে–সেখানে বসবে না, বারবার উচ্ছেদ হবে আবার হকাররা বসবে—এতে বিশৃঙ্খলা বাড়বে, যেসব হকার মারা গেছেন, তাঁদের প্রাণহানির দায়দায়িত্ব সিটি করপোরেশনকেই নিতে হবে। এ ছাড়া আরও বলা হয়, বৈধভাবে জীবিকা অর্জন করা মানুষের অধিকার কিন্তু সিটি করপোরেশন হকারদের জীবিকার ওপর আঘাত করছে। হকাররা সিটি করপোরেশনকে রাজস্ব দেয়। তারা এ দেশেরই লোক। তাদের সঙ্গে শরণার্থীদের মতো আচরণ করা যাবে না।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, হকারদের জন্য একটি নীতিমালা প্রণয়নে সরকারকে তারা ভারতের হকার্স আইন ২০১৪ আইনটি দেখার প্রস্তাব দেবে। নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারও হকারদের জীবন-জীবিকা, মর্যাদা ও অধিকার সংরক্ষণ করতে পারে।