পুলিশের নিষেধাজ্ঞার কারণে প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি বাতিলসহ চার দফা দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করতে ব্যর্থ হয়ে এবার হরতালের হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।গতকাল সোমবার দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ হুমকি দেন। দেশব্যাপী থানা সদরে ৪ মে, ঢাকায় সমাবেশ ৫ মে ও জেলা সদরে ১১ মে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।গতকাল ও আজ মঙ্গলবার রাজধানীর মুক্তাঙ্গনে গণ-অবস্থান কর্মসূচি ডেকেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু এর আগেই ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ।পুলিশের এ নিষেধাজ্ঞার কারণে কর্মসূচির আগের দিন রোববার বিকেলে দলটির কয়েক শ সদস্য মুক্তাঙ্গনে ঢুকে পুরো এলাকা দখলে নিয়ে নেন। পুলিশ প্রথমে তাঁদের মৌখিক অনুরোধ করে সরাতে চেষ্টা করে। পরে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ জলকামানসহ ব্যাপক প্রস্তুতি নিয়ে এসে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে দলটির প্রায় অর্ধশত নেতা-কর্মী ও পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৯৩ জনকে আটক করে। পরে রাতে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেয়। গতকালও মুক্তাঙ্গন ছিল পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে।পুলিশ অভিযোগ করে, ইসলামী আন্দোলনের কর্মীরা পুলিশের ওপর আক্রমণ করলে বাধ্য হয়ে তারা বল প্রয়োগ করে।