গণ-অভ্যুত্থান দিবস আজ
মহান গণ-অভ্যুত্থান দিবস আজ ২৪ জানুয়ারি। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির ভিত্তিতে ঊনসত্তরের ওই গণ-অভ্যুত্থান সংগঠিত হয়। ঊনসত্তর সালের ২০ জানুয়ারি গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের আত্মদানের পর সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের অংশগ্রহণে ২৪ জানুয়ারি অভূতপূর্ব গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়।আসাদের পর আরও দুজন শহীদ হওয়ার পর সংগ্রামী জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। সচিবালয়ের দেয়াল ভেঙে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আগুন দেওয়া হয় আইয়ুব-মোনায়েম চক্রের দালাল এমপি ও মন্ত্রীদের বাড়িঘরে। দৈনিক পাকিস্তান ও পাকিস্তান অবজারভার পত্রিকায়ও আগুন লাগিয়ে দেওয়া হয়। জনগণ আইয়ুব গেটের নাম পরিবর্তন করে রাখে আসাদ গেট।দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক ইতিহাসে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এক তাত্পর্যপূর্ণ মাইলফলক। বায়ান্নর ভাষা আন্দোলন, মুক্তির সনদ ৬-দফা ও পরবর্তী সময়ে ১১-দফা এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পথ বেয়ে রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিসংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করি মহান স্বাধীনতা।’ দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকাল আটটায় বকশীবাজারে শহীদ মতিউর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করবে শহীদ আসাদ পরিষদ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির পক্ষ থেকে ‘আসাদ-এর মন্ত্র—জনগণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আজ বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শহীদ আসাদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।