গণ-অভ্যুত্থান দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস। ১৯৬৯ সালে পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা আন্দোলন এই দিনে অভ্যুত্থানে রূপ নিয়েছিল। এদিন পুলিশের গুলিতে প্রাণ দেন দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে ১৯৬৯ সালের জানুয়ারিতে গঠন করা হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। এতে আন্দোলন আরও জোরদার হয়। ২৪ জানুয়ারি স্বৈরাচারবিরোধী মিছিল সচিবালয় এলাকা অতিক্রম করে যাচ্ছিল পল্টনের দিকে। মিছিলে গুলি চালায় পুলিশ। নিহত হন নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমানসহ পাঁচজন। এর পর থেকে দিনটি গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়।দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বাণী দিয়েছেন। কর্মসূচি: দিনটি উপলক্ষে শহীদ মতিউরের বিদ্যালয় নবকুমার ইনস্টিটিউশন কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় স্বাধীনতা পরিষদ, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্রসংগঠন আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।