গণ-অভ্যুত্থানে শহীদ মনিরুলের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি
মনিরুল ইসলাম ১৯৬৯ সালে পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় শহীদ হয়েছিলেন। ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়ি। কিন্তু এই শহীদের স্বীকৃতি আজও তাঁর ভাগ্যে জোটেনি। গতকাল রোববার সকালে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শহীদ মনিরুলের মা সুলতানা রাজিয়া এ জন্য আক্ষেপ করেন এবং ছেলের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্রনেতা আসাদ শহীদ হওয়ার পরদিন ২১ জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক প্রথম হরতালে ছাত্রছাত্রীদের আন্দোলনে সলিমুল্লাহ অরফানেজ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মনিরুল ইসলাম পুলিশের গুলিতে ও বেয়নেটের খোঁচায় আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৬৯ সালের ৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। শহীদ মনিরুল ইসলাম ইপিআর (বর্তমান বিজিবি) মসজিদের তৎকালীন ইমাম মরহুম মাওলানা সামছুল হকের ছেলে। তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন।মৃত্যুর পর শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনিরুলের মাকে দুই হাজার টাকা দিয়ে কোরবানি দিতে বলেন এবং সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। মনিরুলের স্মরণে রাজধানীর আজিমপুরে শহীদ মনির রোড নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। পরে সড়ক সংস্কারের সময় শহীদ মনির ফলকটি ভেঙে ফেলা হয়। বর্তমানে তাঁর অবদানের কথা কেউ জানে না। শহীদ মনিরুলের মা সুলতানা রাজিয়া ২০১১ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী বরাবর শহীদ মনিরুলের স্বীকৃতির দাবি জানিয়ে আবেদন করেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। সংবাদে সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ মনিরুলের ভাই হেলাল উদ্দিন, হোসেন আহমেদ, আমিন আহমেদ, সাব্বির আহমেদ।