দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন বিএনপি সমর্থন করে না। গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করা হবে।নগরের বায়েজিদ থানাধীন কাঁচাবাজার চত্বরে জালালাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক দলনেতা আবদুল কাদের মিলনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে নোমান এ কথা বলেন।বিএনপির নেতা নাজমুল করিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, অধ্যাপক সিদ্দীক আহমেদ চৌধুরী, পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক শামসুল আলম, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি এম এ সবুর, মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর, খুলশী থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবুল হাশেম ও নগর ছাত্রদল নেতা ইয়াছিন চৌধুরী।সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রামের মহাসমাবেশে জনতার গণজোয়ার দেখে সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে। গণ-আন্দোলনে ভীত হয়ে সরকার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্ট করছে।নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে আওয়ামী লীগের সাজানো নাটক বলে দাবি করেন আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করছে।