গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। সে লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাসাস আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তরিকুল ইসলাম এ আহ্বান জানান।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।তরিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশ-বিদেশের চক্রান্তকারীদের ওপর ভর করেই ক্ষমতায় এসেছে। এই স্বৈরাচার সরকারকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চক্রান্ত করেই জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। এর মধ্যে তারেক রহমান একজন। যতই মিথ্যাচার করুন, তারেক রহমান সত্যিকার গণমানুষের নেতা হিসেবেই দেশে ফিরে আসবেন।শোভাযাত্রা-পূর্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম, কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাসাসের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক মনির খান। এতে সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর সিকদার।সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বিজয়নগর, পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।