গণ-অর্থায়ন জাতীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে
গণ-অর্থায়ন বা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে গৃহীত বিভিন্ন প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন একটি গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, গণ-অর্থায়ন দেশের অর্থনৈতিক সাম্য রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমীর সম্মেলনকক্ষে ‘গণ-অর্থায়ন: অর্থনৈতিক উন্নয়নে নতুন একটা সম্ভাবনা’ শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বলা হয়, গণ-অর্থায়ন বা ক্রাউডফান্ডিং হচ্ছে সেই ধরনের একটি চর্চা, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট একটি প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান আসে অনেক মানুষের ছোট ছোট অনুদান থেকে। নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে গণ অর্থায়নের এই ধারণাটি প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সেখানে হাজার হাজার প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়। বাংলাদেশে বিদ্যমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ভিক্ষাবৃত্তি ও বেকারত্ব দূরীকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এটি একটি কার্যকর উপায় হতে পারে।
চলচ্চিত্র নির্মাতা আবু-সাইয়ীদ এ বিষয়ে বলেন, বাংলাদেশে বর্তমানে পাঁচ থকে সাত লাখ মানুষ ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। বছরে ন্যূনতম ১০ লাখ মানুষের কর্মসংস্থান করার লক্ষ্যমাত্রা নিয়ে যদি গণ-অর্থায়নের যথার্থ উদ্যোগ নেওয়া যায়, তাহলে প্রাথমিক পর্যায়ে ভিক্ষাবৃত্তি একেবারে বন্ধ না হলেও অনেকখানি কমে আসবে।