গণ-অসুস্থতার ঘটনা তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর উপজেলা সদরের শিবরামপুর আর ডি একাডেমির ৭৩ জন শিক্ষার্থীর অসুস্থতার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অসুস্থ ছাত্রীদের মধ্যে সাতজন এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিন সদস্যের কমিটির আহ্বায়ক নির্বাহী হাকিম এস এম শাহীন। এর অপর দুই সদস্য হলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফাহিম হাসান ও ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রেজোয়ানা আহমেদ। কমিটিকে আজ বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটি গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আরডি একাডেমি ভবন ও এর চারপাশ পরিদর্শন করেছে।
কমিটির সদস্য রেজোয়ানা আহমেদ বলেন, গত সোম ও মঙ্গলবার ৭৩ জন শিক্ষার্থী ও একজন ঝাড়ুদার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অসুস্থ ব্যক্তিদের ৭০ জনই ছাত্রী। বর্তমানে হাসপাতালে সাতজন চিকিৎসাধীন রয়েছে। এক শিক্ষার্থীকে অসুস্থ হতে দেখে অন্য শিক্ষার্থীরাও মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়েছে। এতে ভয়ের কিছু নেই।
তদন্ত কমিটির অন্য সদস্য ফাহিম হাসান বলেন, সরেজমিনে পরিদর্শনকালে বিদ্যালয়ের কক্ষ বা আশপাশে শ্বাসকষ্টের কারণ হতে পারে, এ ধরনের কিছু পাওয়া যায়নি। তবে বিদ্যালয় ভবনটি বেশ পুরোনো।
আরডি একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘ষাটের দশকে স্কুলের ভবনটি নির্মাণ করা হয়। আমরা আগামী শনিবার থেকে আবার ক্লাস শুরু করতে চাইছি। এজন্য ওই দিন একজন চিকিৎসক ও কয়েকজন পুলিশ চাওয়া হয়েছে।’