গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদ। ছবি: লেখক
গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদ। ছবি: লেখক

রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় খেলার মাঠে হয়ে গেল পিঠা উৎসব। গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে তৃতীয়বারের মতো এ পিঠা উৎসব হয়ে গেল।

গতকাল রোববার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদ এ পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

বেনজীর আহমদ বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জেনে দেশের উন্নয়নে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বাংলাদেশ উন্নয়নের আদর্শ উদাহরণ। আমি পিঠা ও সাংস্কৃতিক উৎসবের সফলতা কামনা করছি।’

শিক্ষার্থীদের নানা নামের বাহারি নকশার মুখরোচক পিঠার স্টল ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: লেখক
শিক্ষার্থীদের নানা নামের বাহারি নকশার মুখরোচক পিঠার স্টল ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: লেখক

অনুষ্ঠানে উপাচার্য লায়লা পারভীন বানু বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাঘের শেষে এই পিঠা উৎসবের আয়োজন করেছি আমরা। এই উৎসব সকলের জন্য উন্মুক্ত।’

পিঠা উৎসবের জন্য বেলুন, প্ল্যাকার্ড আর ফেস্টুনে সাজানো হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীরা নানা নামের বাহারি নকশার মুখরোচক পিঠা নিয়ে হাজির হন উৎসবে। মেলায় মোট ২৬টি স্টলে বাহারি পিঠার পাশাপাশি, চুড়ি, ফিতা এবং গোলাপ ফুলও বিক্রি হয়।

অনুষ্ঠানজুড়ে ছিল পিঠা প্রদর্শনী, ঘুড়ি উৎসব, গ্রামীণ খেলাধুলা, সেরা স্টল নির্বাচন এবং পুরস্কার বিতরণ। শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিউজিক কমিউনিটির পরিবেশনায় নৃত্য ও লোকগান পরিবেশন করা হয়।