গণআন্দোলনে জোরদার ভূমিকা রাখতে যুবদলের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে গণআন্দোলনে জোরদার ভূমিকা রাখতে যুবদলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে তাঁরা বলেন, দেশ রক্ষায় মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি। এ জন্য প্রয়োজন কঠোর আন্দোলন। আর এতে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত আনন্দ শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতারা এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। গত ২৭ অক্টোবর ছিল সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে কর্মসূচি শুরু হয়। কাল রোববার মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।সমাবেশ শেষে রঙিন বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা উপলক্ষে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন থানা থেকে যুবদলের নেতৃত্বে ছোট-বড় মিছিল মুক্তাঙ্গনে জড়ো হয়। বিকেল চারটার দিকে মুক্তাঙ্গন ও এর সামনের দুই পাশের রাস্তায় অবস্থান নেন নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ও পোস্টার। নেতা-কর্মীদের কেউ কেউ ধানের শীষ নিয়ে, কৃষক সেজে মিছিলে অংশ নেন। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি ও যুবদলের কেন্দ্রীয় নেতারা।শোভাযাত্রায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সব বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বানসংবলিত ব্যানার বহন করা হয়। তাঁকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবেও উল্লেখ করা হয়। বিভিন্ন থানা থেকে আসা নেতা-কর্মীদের পরনে ছিল তারেক রহমানের ছবি ও স্লোগানসংবলিত গেঞ্জি ও টি-শার্ট। শোভাযাত্রার কারণে পল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মোচাক ও মগবাজার সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মুক্তাঙ্গনে শোভাযাত্রার আগে সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন। যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।