গণকবর ও স্মৃতিসৌধ নিষ্কণ্টক জায়গায় স্থানান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস আজ ১১ নভেম্বর, মঙ্গলবার। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির নয়জন গেরিলা যোদ্ধা শহীদ হন।
তবে দেশ স্বাধীন হওয়ার ৪৩ বছর পরও ওই যুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষায় উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেতিয়ারায় ওই শহীদদের কবর চার লেন প্রকল্পের এলাকার মধ্যে পড়েছে। এ অবস্থায় মুক্তিযোদ্ধারা বেতিয়ারার শহীদদের গণকবর এবং স্মৃতিসৌধ নিষ্কণ্টক কোনো জায়গায় স্থানান্তর করার দাবি জানিয়েছেন।
ওই যুদ্ধে শহীদদের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিভিন্ন ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে আসা ন্যাপ, কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৭৮ জনের একটি গেরিলা দল আগরতলা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। দলটি ১০ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা এলাকায় জমায়েত হয়। ১১ নভেম্বর ভোরে যুদ্ধে শহীদ হন নয়জন। পরের দিন শহীদদের মরদেহ বেতিয়ারার ধানখেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। সাত দিন পর স্থানীয় লোকজন ধানখেত থেকে তাঁদের গলিত লাশ উদ্ধার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গর্ত খুঁড়ে মাটিচাপা দেন। পরে সেখানে স্মৃতিস্তম্ভ করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেতিয়ারা অংশের ডান পাশে ২৮৯ নম্বর দক্ষিণ বেতিয়ারা মৌজার সাবেক ৬৩২ নম্বর দাগে বেতিয়ারা স্মৃতিসৌধটি ছোট আকারে স্থাপন করা হয়। কিন্তু স্মৃতিসৌধটি সংরক্ষণ ও সড়ক সম্প্রসারণের প্রয়োজনে তা স্থানান্তর জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল সড়কের সঙ্গে স্মৃতিসৌধে যাতায়াতের সংযোগ সড়ক নির্মাণের জন্য ১১ দশমিক শূন্য নয় শতক জমি চিহ্নিত করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক বলেন, ‘বেতিয়ারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্থান। আমরা সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করব। এর আগে জায়গা নিয়ে ঝামেলা মেটাতে হবে।’
এদিকে বেতিয়ারা দিবস উপলক্ষে আজ বিকেলে বেতিয়ারা শহীদ স্মৃতি রক্ষা কমিটি, মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।