গণকবর সংরক্ষণে আশ্বাসে সীমাবদ্ধ
বগুড়ার শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের পাঁচটি গণকবরের মধ্যে তিনটি আজও সংরক্ষণ করা হয়নি। স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেছেন, ১৫ বছর ধরে তাঁরা প্রশাসনের কাছে একাধিকবার স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে শুধু আশ্বাসই পেয়েছেন।
গণকবর তিনটি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা সেতুর মোড় এলাকা, কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি, খানপুর ইউনিয়নের খাগা হিন্দুপাড়ায় অবস্থিত।
গণকবর এলাকার ইউপি চেয়ারম্যানরা বলেন, গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গণকবর সংরক্ষণ করা হয়েছে। ২০১৪ সালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় সংরক্ষণসহ স্মৃতিস্তম্ভ গড়ে ওঠে উপজেলার সুঘাট ইউনিয়নে কল্যাণী গ্রামের গণকবরে।
উপজেলার ১০ জন মুক্তিযোদ্ধা বলেন, পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসররা উপজেলার ঘোগা এলাকায় স্বাধীনতাকামী ৩০০ মানুষকে হত্যা করে। একইভাবে খাগা হিন্দুপাড়ায় ১২ জন, বাগড়া কলোনিতে ২৮ জন, কল্যাণী গ্রামে ৩৫ জন ও দড়িমুকুন্দ গ্রামে ২৪ জনকে হত্যা করা হয়। পরবর্তী সময়ে গ্রামবাসী তাঁদের কবর দেন।
শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ওবায়দুর রহমান বলেন, তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ওই সব স্থান ঘুরে দেখে গেছে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। এরপর আর কোনো অগ্রগতি হয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু আলম বলেন, তিনি ওই সব গণকবর সংরক্ষণসহ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দুবার লিখিতভাবে আবেদন করেছেন। আরেক সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন বলেন, স্মৃতিবিজড়িত এসব গণকবর সংরক্ষণসহ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে তিনি উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ছয়বার আবেদন করেছেন। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস পেয়েছেন।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, মুক্তিযোদ্ধারের এ ধরনের আবেদনের কপি তাঁর দপ্তরে সংরক্ষণ করা নেই। তিনি শেরপুরে কর্মস্থলে যোগদানের আগেই মুক্তিযোদ্ধারা এ আবেদন করেছেন বলে তিনি জেনেছেন।