গণগ্রন্থাগার ও দোকানে আগুন, পুড়ে গেছে ঘর বই-মালামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে নাটোরে সরকারি গণগ্রন্থাগারের বিপুলসংখ্যক সংবাদপত্র, বই ও আসবাব এবং সিংড়া উপজেলার ছোট কালিকাপুর গ্রামে সাতটি বাড়ি ভস্মীভূত হয়েছে।
এ ছাড়া বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছয়টি দোকান পুড়ে গেছে। কাহালুতে তিনটি গরু, পাঁচটি ছাগল, ৫০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। একই সঙ্গে দুটি বসতঘর ছাই হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার এসব ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: গতকাল সকাল ছয়টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি গণগন্থাগারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিপুলসংখ্যক সংবাদপত্র, বই ও আসবাব পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। এ ব্যাপারে গ্রন্থাগারিক সাজিয়া আফরিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ঘটনাটি নাশকতা বলে উল্লেখ করা হয়েছে। দুষ্কৃতকারীরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের ছোট কালিকাপুর গ্রামে আগুনে সাতটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। গ্রামের কৃষক আলাল উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পাশের জালাল উদ্দিন ও মাহাবুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন।
আদমদীঘি (বগুড়া): শনিবার ভোররাত তিনটার দিকে সান্তাহার জংশন শহরের মালা সিনেমা হলের সামনে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে সেতু গ্লাস হাউস, সোহেল মোবাইল সেন্টার, সবুজ টেলিকম অ্যান্ড ইলেকট্রিক সেন্টার, স্বর্ণলতা জুয়েলার্স, অপরূপা জুয়েলার্স ও ন্যাশনাল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিকেরা দাবি করেছেন।
দুপচাঁচিয়া (বগুড়া): কাহালুর কুমারপাড়া গ্রামে শনিবার সন্ধ্যায় কৃষক বাবলু প্রামাণিকের স্ত্রী রেহেনা বেগম গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেন। রাত সোয়া নয়টার দিকে তা থেকে গোয়ালঘরে আগুন লেগে যায়। প্রতিবেশীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।