বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মামলা দিয়ে ও গণগ্রেপ্তার করে ১২ মার্চের ঢাকার মহাসমাবেশ বানচাল করা যাবে না। জনগণ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এর পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও থানা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির নেতা শামসুল আলম, আবুল হাশেম প্রমুখ বক্তৃতা করেন।গতকাল জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা, অলংকার ও ইপিজেড মোড়ে আরও তিনটি পথসভা হয়। সব কটি পথসভায় এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ স্থানীয় নেতারা বক্তৃতা করেন। ১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য এই চারটি পথসভা হয়।বহদ্দারহাটের পথসভায় এম কে আনোয়ার বলেন, চট্টগ্রাম থেকেই গত ৯ জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘ঢাকা চলো’ কর্মসূচির ঘোষণা দেন। আর তাই চট্টগ্রামের মানুষ ১২ মার্চ ঢাকার মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত। কোনো বাধা ও ষড়যন্ত্র মহাসমাবেশের জনস্রোতকে ঠেকাতে পারবে না।সরকারের কঠোর সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ দেশকে লুটপাট আর সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন বিদ্যুৎ ও পানির সংকটে মানুষ অতিষ্ঠ। এই সরকার জনগণের সরকার নয়, তাই অবিলম্বে মহাজোট সরকারকে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।বহদ্দারহাটের পথসভায় মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। স্বাধীনতার পর এই প্রথম মানুষ আরেকটি মুক্তির সংগ্রামে নেমেছে। আর ১২ মার্চের সমাবেশে যোগ দিয়ে এই মুক্তির সংগ্রামে সবাইকে অংশ নিতে হবে। আমীর খসরু আরও বলেন, বিএনপির আন্দোলন দেখে সরকার হামলা-মামলা ও নির্যাতন আবার শুরু করেছে। নির্যাতন করে মহাসমাবেশ ঠেকানো যাবে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজয় বরণ করেছে। ১২ মার্চ তাদের আরও একটি রাজনৈতিক পরাজয় ঘটবে। রাজধানীতে হোটেল, দোকানপাট বন্ধ করে কোনো লাভ হবে না। প্রয়োজনে নেতা-কর্মীরা ঢাকায় গিয়ে রাস্তায় থাকবে, মাঠে ঘুমাবে। কারণ, জনগণ শেখ হাসিনা সরকারের পতন চায়।