গণগ্রেপ্তার বন্ধের আহ্বান এইচআরডব্লিউর
গণগ্রেপ্তার বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গতকাল বৃহস্পতিবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি এই আহ্বান জানায়।
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে হাজারো মানুষ গ্রেপ্তার হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এইচআরডব্লিউর কাছ থেকে এই বিবৃতি এল।
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের কর্তৃপক্ষের উচিত অপরাধের যথাযথ প্রমাণ ছাড়া লোকজনকে অযৌক্তিকভাবে গণহারে গ্রেপ্তার তাৎক্ষণিকভাবে বন্ধ করা।
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের বিশ্বাসযোগ্য প্রমাণ সাপেক্ষে হয় গ্রেপ্তার হওয়া লোকজনের বিরুদ্ধে অভিযোগ আনা এবং তাদের তাৎক্ষণিকভাবে আদালতের সামনে হাজির করা উচিত। অথবা তাদের তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া উচিত।
এইচআরডব্লিউ বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত দেশটিতে ধর্মনিরপেক্ষ লেখক, ধর্মীয় সংখ্যালঘুসহ অন্যদের ওপর হামলার ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে তদন্ত করা। এসব হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা।
সংগঠনটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ এবং দায়ীস ব্যক্তিদের বিচারের আওতায় আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের দায় রয়েছে। তবে তা অবশ্যই দেশের ফৌজদারি দণ্ডবিধি ও আন্তর্জাতিক আইনের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে।