গণগ্রেপ্তার বন্ধের দাবি এএইচআরসির
বাংলাদেশে গণগ্রেপ্তার অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে আঞ্চলিক মানবাধিকার-বিষয়ক সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। একই সঙ্গে এ গণগ্রেপ্তারের ব্যাপারে বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানানো হয়েছে। গতকাল রোববার এএইচআরসির এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এএইচআরসি জানতে পেরেছে, বিরোধী দলের কর্মসূচি সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ রয়েছে। তাঁদের অনেককে অযৌক্তিকভাবে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের মতো কঠোর আইনেও গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ। মহাসমাবেশ সামনে রেখে গত তিন দিনে অযৌক্তিকভাবে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই দিনমজুর, পরিবহন শ্রমিক, হকার ও পথচারী। অভিযোগ রয়েছে, ঘুষ চেয়ে না পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকের বিরুদ্ধে সাজানো মামলা দিয়েছে।