গণজাগরণ আন্দোলনকে ঘিরে নানা ব্যবসা
মাথায় বাঁধা লাল-সবুজের পতাকা। একটি বাঁশে প্লাস্টিকের কাঠিতে আটকানো অসংখ্য জাতীয় পতাকা। এমনকি দুই হাতসহ সারা গায়ে পতাকায় জড়ানো মো. রুবেল। ঘুরে ঘুরে বিক্রি করছেন চট্টগ্রাম প্রেসক্লাবে গণজাগরণ মঞ্চের এলাকা ঘিরে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জমে ওঠা আন্দোলন ঘিরে চট্টগ্রামে জমে উঠেছে নানা ধরনের ব্যবসা। ‘কাদের মোল্লার ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই’ লেখাসহ নানা নকশায় করা মাথার ব্যান্ড, বিভিন্ন আকারের জাতীয় পতাকা, বুট-বাদাম, পানি, হাওয়াই মিঠাই, চা-নাশতা—এমনকি বেড়ে গেছে মোমবাতি বিক্রিও।সারা দেশের মতো যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রামেও ১১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। জামালখান এলাকাতেই বাদাম বিক্রি করে পেট চালান মো. শাহ আলম। আন্দোলনের শুরু থেকেই আছেন। তাঁর ভাষায়, ‘এই আন্দোলনে সবারই যোগ দেওয়া উচিত। যুদ্ধাপরাধীদের একটাই শাস্তি হওয়া উচিত, তা হলো ফাঁসি।’ ছুটির দিন থাকায় ব্যবসা ভালোই চলছে বলে জানালেন পতাকা বিক্রেতা মো. বিল্লাল। তিনি বলেন, সাধারণ জনগণ তো আছেই, তরুণ প্রজন্মের কাছে পতাকার চাহিদা সবচেয়ে বেশি। শিশুদের কাছে বেশি প্রিয় মাথার ব্যান্ডেনা এবং কাঠিতে বাঁধা ছোট আকারের জাতীয় পতাকা। কাঠি পতাকা ১০ টাকা, মাথার ব্যান্ড, বিভিন্ন আকারের পতাকার দাম ৩০ থেকে ১২০ টাকা পর্যন্ত। তাঁর দেখাদেখি ব্যবসায় নেমেছে চাক্তাইয়ের ইউসেপ স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মো. মোরশেদও। প্রেসক্লাবের সামনেই সোহেল চা বিক্রি করছেন বহু বছর ধরে। সোহেল জানান, আন্দোলনকে ঘিরে ব্যবসা জমে উঠেছে ভালোই। আগে দিনে ১০০ থেকে ১৫০ কাপ চা বিক্রি হতো, এখন চা বিক্রি বেড়ে দাঁড়িয়েছে হাজারে।’